এবার লন্ডনের অর্থনীতি বিষয়ক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসেও বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে। রোববার ফিন্যান্সিয়াল টাইমস ২০১৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্বের নাম প্রকাশ করে।
কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হন তিনি।
ফিন্যান্সিয়াল টাইমস কর্তৃপক্ষ জানিয়েছে, দৃঢ় নেতৃত্বের মাধ্যমে ১০ লাখের বেশি শরণার্থীদের জন্য, যাদের বেশিরভাগই মুসলিম, ইউরোপের দ্বার উন্মুক্ত করতে ভূমিকা রাখার কারণেই মূলত অ্যাঙ্গেলা মেরকেলকে এবার বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি দেয়া হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের বিবেচনায় এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার ক্ষেত্রে মেরকেল পেছনে ফেলেছেন বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎপাদক প্রতিষ্ঠান 'এবি ইনবেভে'র প্রধান নির্বাহী কার্লোস ব্রিটো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
এর আগে গত ৯ ডিসেম্বর টাইম সাময়িকী তাদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে অ্যাঙ্গেলা মেরকেলের নাম ঘোষণা করে।
টাইম কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের বাস্তুহারা শরণার্থীদের জন্য নিজ দেশের সীমান্তের দরজা খুলে দেওয়া, ইউরোপের ঋণ সঙ্কট এবং ইউক্রেন-রাশিয়া উত্তেজনা প্রশমনে দক্ষ নেতৃত্বের কারণে তাকে এ বছর তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।