সন্ত্রাসবাদ মোকাবেলায় ৩৪টি দেশের সমন্বয়ে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়েছে, সব ধরনের সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের হাত থেকে মুসলিম জাতিকে রক্ষা করতেই সৌদি আরবের নেতৃত্বে এ জোট গঠন করা হয়েছে। রিয়াদ থেকে এ সামরিক অভিযান পরিচালনা ও সমন্বয় করা হবে।
জোটের মধ্যে আরব দেশ মিসর, কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ইসলামিক দেশ তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো রয়েছে।
সম্প্রতি ইরাক ও সিরিয়াভিত্তিক ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে আরব দেশগুলোর কঠোর ভূমিকা না থাকার ব্যাপারে সরব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।
এরই পরিপ্রেক্ষিতে বিরল এক সংবাদ সম্মেলনে ইরাক, সিরিয়া, লিবিয়া মিসর ও আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবেলায় সামরিক উদ্যোগ নেয়ার কথা জানান সৌদি প্রতিরক্ষামন্ত্রী।