যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে দেশদুটি।
বিবিসি থেকে পাওয়া তথ্য মতে, কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে একটি ঘোষণা আসবে। তবে কবে নাগাদ এই বিমান চলাচল শুরু হবে তা জানা যায়নি। কারণ বিষয়টি নিয়ে কিউবা সরকার ও মার্কিন বিমান সংস্থাগুলোর মধ্যে আলোচনা কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে।
এ বছর দেশ দুটির মধ্যে ভ্রমণের পরিমাণ ৫০% বেড়ে যাওয়ার পর তারা এ সমঝোতায় পৌঁছায়।
বুধবার ওয়াশিংটন ও হাভানার বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়।
দীর্ঘ দিনের স্নায়ুযুদ্ধের পর গত এক বছর ধরে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে দেশদুটি। ৫৪ বছর বন্ধ থাকার পর গত আগস্টে হাভানায় দূতাবাস চালু করে যুক্তরাষ্ট্র।