সিরিয়ায় রুশ বিমান হামলায় প্রায় ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অ্যামনেস্টির দাবি, তারা গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫টির বেশি হামলা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া গুরুতরভাবে ব্যর্থ হয়েছে।
সিরিয়ায় চলমান অভিযানে বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ শুরু থেকেই বারবার অস্বীকার করে আসছে মস্কো। এ ধরণের অভিযোগকে তথ্য-যুদ্ধ হিসেবেও বর্ণনা করছে রাশিয়া।
সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে রুশ বিমান হামলা শুরু হয়।
পশ্চিমাদের অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় তার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও হামলা চালাচ্ছে রাশিয়া।
রাশিয়ার দাবি, সিরিয়ায় আইএস ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলো রুশ হামলার লক্ষ্যবস্তু।