সিরিয় সেনাবাহিনীর হামলায় দেশটির প্রভাবশালী বিদ্রোহী গ্রুপ জায়েশ আল-ইসলামের শীর্ষ নেতা জাহরৌন আলৌশ নিহত হয়েছেন। এতে আগামী জানুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে আসন্ন শান্তি আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দেশটির বিদ্রোহী গ্রুপের মনোনীত প্রধানমন্ত্রী আহমাদ তুমাহ বলেন, হামলা চালিয়ে এমন এক নেতাকে হত্যা করা হয়েছে যিনি সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। সরকার দেশের বিদ্রোহী নেতা ও রাজনীতিবিদদের আরো অনেকের ওপরই হামলা চালাতে পারে।
শুক্রবার দামেস্কে জায়েশ আল-ইসলামের নেতৃত্বে বিদ্রোহীদের এক বৈঠকে হামলা হলে গ্রুপের শীর্ষ নেতা জাহরৌন আলৌশসহ বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়।
এদিকে, নিরাপত্তার ঝুঁকিতে রাজধানী দামেস্কের ইয়ারমুক থেকে আইএস যোদ্ধা ও অন্যান্য বিদ্রোহীদের অন্যত্র সরিয়ে নেয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী গ্রুপ।