কম মাত্রায় সমৃদ্ধ ১১ টনের বেশি ইউরেনিয়াম বোঝাই একটি জাহাজ ইরান থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছে। পরমাণু চুক্তির শর্ত মেনে তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ইরান যে অঙ্গীকার পূরণ করছে তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চলতি বছর জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী ইরান অঙ্গীকার করেছিল, নিজেদের কাছে থাকা কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনবে।
ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার লক্ষ্যেই এই চুক্তির পরিকল্পনা করা হয়। চুক্তিতে কমপক্ষে আগামী দশ বছরের জন্য ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ কমিয়ে আনবে।
বিনিময়ে দেশটির ওপর থেকে পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: