ইয়েমেনের রাজধানী সানায় ইরানের দূতাবাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘ইচ্ছাকৃতভাবে’ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলায় ওই দূতাবাসের কয়েকজন কর্মচারি আহত হয়েছেন। সৌদি জোটের ইচ্ছাকৃত এ হামলায় কূটনৈতিক মিশনগুলোকে রক্ষার সকল আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বলেছেন, তেহরানের এ অভিযোগ তদন্ত করে দেখা হবে। তিনি জানান, বুধবার রাতে হুথি বিদ্রোহীদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে জোটের পক্ষ থেকে ব্যাপক বিমান হামলা চালানো হয়।
সৌদি আরবের জনপ্রিয় শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনায় কয়েক দিন ধরেই সৌদি আরব ও ইরানের মধ্যে তিক্ততা চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: