সিরিয়ার অবরুদ্ধ কয়েকটি এলাকায় কমপক্ষে ৪ লাখের বেশি মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে। জাতিসংঘ জানিয়েছে সিরিয়ার কমপক্ষে ১৫টি এলাকা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
সিরিয়ার লেবানন সীমান্তের পাশে মাদায়া এলাকা সিরিয়ার সরকারি বাহিনী ও লেবানন ভিত্তিক জঙ্গি গোষ্ঠি হিজবুল্লাহ অবরুদ্ধ করে রেখেছে। এতে ভিতরে আটকা পড়েছে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ।
মেডিসিনস সানস ফ্রন্টায়ার্স- এমএসএফ জানিয়েছে খাবার না পেয়ে অভুক্ত অবস্থায় প্রায় ২৩ জন মারা গেছে। আড়াইশোর বেশি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে। এই অবস্থায় পোকামাকড় এবং ঘাস খেয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানান ওই এলাকার বাসিন্দারা।
গত ২৬ ডিসেম্বর সরকারি বিরোধীদের আত্মসমর্পন এবং অস্ত্র জমা দিতে বাধ্য করতে তাদের শক্ত ঘাঁটিগুলিতে চেক পয়েন্ট স্থাপন এবং সড়কগুলো বন্ধ করে দেয় সরকার। এরপর থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।