একাত্তরে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজ হাতে দলিলের খসড়া লিখিয়ে নেয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতীয় জেনারেল জেএফআর জ্যাকব আর নেই।
বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৩১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল।
স্মৃতিভ্রমসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তবে শেষ সময়েও তার চেতনা জাগ্রত ছিল।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সুপরিচিত জ্যাকব ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।
তৎকালীন মেজর জেনারেল জ্যাকব মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী জ্যাকব ১৯ বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৭৮ সালে অবসরে যাওয়ার আগে দ্বিতীয় মহাযুদ্ধ ও ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধেও অংশ নেন।
অবসরে যাওয়ার আগে তিনি পশ্চিম ভারতীয় রাজ্য গোয়া ও উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।