কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী আল জাজিরা টেলিভিশন যুক্তরাষ্ট্রে সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে।
মাত্র আড়াই মাস পরই এপ্রিলে সেখানে এ চ্যানেলের সম্প্রচার গুটিয়ে ফেলা হবে বলে মিডিয়া গ্রুপটি জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে টেলিভিশন চ্যানেলের বাজারের অবস্থা যাচাই করে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দর্শক টানতে ব্যর্থ হয়ে আল জাজিরা সেখানে সম্প্রচার গুটিয়ে ফেলছে।
মাত্র আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করেছিল আল জাজিরা আমেরিকা।
মার্কিন দর্শকদের জন্য আল জাজিরার সম্প্রচারকে দুঃসাহসী প্রচেষ্টা বলে মনে করা হয়েছিল। দেশটিতে প্রভাবশালী সংবাদ চ্যানেল সিএনএন ও ফক্স নিউজের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা ছিল সেটির।
শুধু যুক্তরাষ্ট্রে সম্প্রচারের জন্য সেখানকার অনেক চেনা মুখ টিভির পর্দায় ব্যবহার করলেও মার্কিন সম্প্রচারের ধারার সঙ্গে তাল মেলাতে শুরু থেকেই বেশ সংগ্রাম করতে হয়েছে আল জাজিরাকে।
গত ২০১৫ সালে পুরো বছর জুড়ে গড়ে তাদের দর্শক ছিল মাত্র ১৯ হাজার। মার্কিন দর্শক টানতে শুধু ব্যর্থই হয়নি চ্যানেলটি, সেখানকার অনেক দর্শক আল জাজিরাকে ভুল করে আল কায়েদার সঙ্গে মিলিয়ে ফেলেন।
নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পরের বছরগুলোতে আল জাজিরার মূল নেটওয়ার্কে ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচার করায় মার্কিন দর্শকদের অনেকেরই এ চ্যানেলটির প্রতি নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গিও রয়েছে।
এ অবস্থায় শেষ পর্যন্ত সেখান থেকে সম্প্রচার গুটিয়েই ফেলতে হলো এ নিউজ চ্যানেলটিকে। তবে ইন্টারনেটে তারা তাদের উপস্থিতি বজায় রাখবে বলে জানিয়েছে। সূত্র: বিবিসি।