ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
ইরান ঐতিহাসিক পারমাণবিক চুক্তির শর্ত পূরণ করেছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ ঘোষণা দেয়ার পরই দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
এক যৌথ বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান মোঘেরিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগ থাকলে কঠিনতর সমস্যাও সমাধান করা যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কে বলেন, মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্ব এখন আরো বেশি নিরাপদ কারণ ইরানের পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি কমেছে।
দীর্ঘ টানাপোড়েন শেষে গত বছরের জুলাইয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায় ছয় বিশ্বশক্তি। ওই চুক্তির আওতায় ইরান তার পারমাণু কর্মসূচি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সম্মত হয়। এরপর জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ শনিবার এক বিবৃতিতে জানায়,চুক্তির প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে তেহরান।
আইএইএয়ের এই সবুজ সঙ্কেত পাওয়ার পরই ইরানের ওপর থেকে দীর্ঘদিনের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। এর ফলে ইরান এখন থেকে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে। সেইসঙ্গে বিভিন্ন দেশে জব্দ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ফেরত পাবে তেহরান।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএয়ের সদরদপ্তরে শনিবার গভীর রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগ থাকলে কঠিনতর সমস্যাও সমাধান করা যায়।
এ চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন মোঘেরিনি।
ইরান ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্ব এখন আগের চেয়ে আরো বেশি নিরাপদ, কারণ ইরানের পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি কমেছে।
এক টুইটবার্তায় ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এবং ধৈর্য্যশীল ইরান জাতির মহানুভবতার প্রশংসা করেন।
এক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, চুক্তি সইয়ের পরও ইরান পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্খা ত্যাগ করেনি এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।