এল নিনোর প্রভাবে তীব্র খরার কারণে খাদ্য উৎপাদন কম হওয়ায় আফ্রিকার দক্ষিণাঞ্চলের এক কোটি ৪০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। খরা পরিস্থিতি ওই এলাকার অন্যত্রও ছড়িয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত মানুষের সংখ্যাও বাড়ছে।
সোমবার এক বিবৃতিতে বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি জানিয়েছে ২০১৬ সালে পরিস্থিতির আরো অবনতি হবে। কারণ আরো অন্যান্য স্থানে খরা পরিস্থিতি দেখা দেবে, যাতে আরো বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন পার করবে।
জাতিসংঘ জানিয়েছে, মালাওয়িতে ২৮ লাখ, মাদাগাস্কারে ১৯ লাখ এবং জিম্বাবুয়েতে ১৫ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবে ভুগছে। মূলত গত বছর বৃষ্টিপাত কম হওয়ায় খাদ্য উৎপাদন কম হওয়াই এর কারণ।
লেসোথোতে দেশটির এক তৃতীয়াংশ প্রায় সাড়ে ছয় লাখ মানুষের পর্যাপ্ত খাবার নেই। এ পরিস্থিতিতে গত মাসে দেশটিতে জরুরি অবস্থা জারি করে সরকার।
এদিকে, খাবার না পেয়ে ইথিওপিয়ান শিশুদের অবস্থা, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ান শিশুদের মতোই বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ জানিয়েছে, ইথিওপিয়ায় তীব্র খরার কারণে চার লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
দেশটিতে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র খরায় ৫০০ কোটি ডলার সাহায্যের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।