ভারতের তেলেঙ্গানা রাজ্যের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ঘটনার বিরুদ্ধে পথে নেমেছেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় দুই কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ও স্মৃতি ইরানির পদত্যাগের দাবি উঠেছে। বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধি মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সংহতি জানিয়ে এ ঘটনায় অভিযুক্ত বিজেপির মন্ত্রীকে দায়ী করেন।
তবে ঘটনাটিকে ‘রাজনৈতিক রং’ দেয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তেলেঙ্গানার হায়দারাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে দলিত অন্তর্ভুক্ত রোহিত গত রোববার রাতে আত্মহত্যা করেন।
জানা গেছে, তিনিসহ ওই বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক-ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে থেকে গত বছরের আগস্টে আরেক ছাত্রকে হেনস্তার অভিযোগে বহিস্কার করা হয়। যদিও ঘটনার পর প্রাথমিক তদন্তে তাদের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছিল।
তবে অভিযোগ উঠেছে, কেন্ত্রীয় শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তত্রেয় ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপ্পা রাও ওই শাস্তির পেছনে কলকাঠি নেড়েছিল।