ক্যারিবিয়ান সাগরের একটি প্রত্যন্ত দ্বীপের কাছে ঝড়ো বাতাসে একটি ছোট নৌকাডুবে ১৩ পর্যটকের মৃত্যু হয়েছে।
দেশটির সরকারের মুখপাত্র রোজারিও মুরিল্লো বলেন, শনিবার নিকারাগুয়া উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে লিটল কর্ন দ্বীপের কাছে ঝড়ো বাতাসে ছোট নৌকাটি ডুবে যায়। মৃতরা সবাই কোস্টারিকার নাগরিক।
ডুবে যাওয়া ‘ক্যারিবিয়ান কুইন’ নৌকাটির ২১ আরোহীকে উদ্ধার করা হয়েছে। এদের ১৩ জন কোস্টারিকার, তিনজন নিকারাগুয়ার, দুইজন ব্রিটিশ, দুইজন যুক্তরাষ্ট্রের এবং একজন ব্রাজিলের নাগরিক বলে জানিয়েছেন মুরিল্লো।
নিকারাগুয়ার নৌবাহিনীর প্রধান মার্ভিন কোরালেস জানিয়েছেন, ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে শুক্রবার থেকে ক্যারিবীয় অঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ‘ক্যারিবিয়ান কুইনের’ মালিক ওই নির্দেশ উপেক্ষা করেন।
নৌকার মালিক ও তার এক সহকারীর বিরুদ্ধে হত্যা ও লোকজনকে বিপদের মুখে ঠেলে দেয়ার অভিযোগ এনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মুরিল্লো।