ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় রোববার আইএসের চ্যানেলে এ ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সাইট মনিটরিং গ্রুপ।
বিবিসি সূত্র থেকে জানা যায়, ভিডিওতে ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যেসব স্থানে সেই স্থানগুলোও দেখানো হয়। ১৩ নভেম্বরের ওই হামলায় ১৩০জন মানুষ নিহত হন।
ব্রিটেনের যে আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জুগিয়েছেন তাদের ছবি দিয়ে ভিডিওটি শেষ হয়েছে। ভিডিওতে একজনের ছবি দেখানো যিনি দেখতে আবদেলহামিদ আবাউদের মতো। এই আবাউদ প্যারিস হামলার অন্যতম হোতা।
প্যারিসে হামলার পর সেইন্ট-ডেনিসে একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে বেলজিয়ামের নাগরিক আবাউদ নিহত হয়। ১৩ নভেম্বরের সন্দেহভাজন নয় হামলাকারী ওইদিন কিংবা কয়েকদিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।
সন্দেহভাজন দুই হামলাকারী এখনো পলাতক রয়েছে। তাদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।