জাতিসংঘ মহাসচিব বান কি মুন ‘সন্ত্রাসকে উৎসাহিত’ করছেন –এ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন নিয়ে বান কি-মুনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ অভিযোগ করেন নেতানিয়াহু।
তিনি বলেন, সন্ত্রাসের পক্ষে কোনো যুক্তি নেই।
বিবিসির খবরে বলা হয় জাতিসংঘ মহাসচিব তার ভাষণে বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রকৃতি হলো অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো।
গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে বান কি-মুন ফিলিস্তিনিদের লড়াই প্রসঙ্গে বলেন, 'আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো মানব চরিত্রেরই অংশ।
তিনি বলেন , কিছু ফিলিস্তিনি বিশেষ করে তরুণরা চরম দুর্দশা আর গভীর বিচ্ছিন্নতাবোধ থেকে এ ধরনের হামলায় উদ্বুদ্ধ হচ্ছে— অর্ধশতক ধরে চলে আসা জবরদখল এবং থমকে থাকা শান্তি প্রক্রিয়া জগদ্দল পাথরের মতো চেপে বসেছে যাতে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে।'
জাতিসংঘ বহু দিন আগেই তার নিরপেক্ষ অবস্থান এবং নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন ইসরায়েলি নেতা।
আল-আকসা মসজিদে প্রবেশে বাধাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত-সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। এ সহিংসতায় গত অক্টোবর থেকে ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন।