আড়াই হাজার কোটি ডলার ব্যয়ে ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১১৮টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি সই করেছে ইরান। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এটিই তেহরানের সবচেয়ে বড় চুক্তি।
বিবিসি সূত্র মতে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরে এয়ারবাসের কাছ থেকে বিভিন্ন মডেলের উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তিটি হয়েছে। এর মধ্যে ৭৩টি বড় ও ৪৫টি ছোট জেট রয়েছে। বড় উড়োজাহাজের মধ্যে ১২টি এ-থ্রি এইট্টি মডেলের সুপার জাম্বোও রয়েছে।
এয়ারবাসের নির্মিত উড়োজাহাজের ১০% যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের তৈরি। শুধু উড়োজাহাজ সরবরাহ নয়, পাইলটদের প্রশিক্ষণ, বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা এবং বিমান চলাচল ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ দেওয়াও এ চুক্তির অন্তর্ভুক্ত বলে জানিয়েছে এয়ারবাস।
এর আগে গত সোমবার রোমে ইরান ও ইতালির মধ্যে স্বাস্থ্য, কৃষি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সাড়ে ১৮শ কোটি ডলারের চুক্তি সই হয়।