যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের শেষ সময়ে মসজিদ পরিদর্শনে যাওয়ার কথা বলেছেন বারাক ওবামা।
শনিবার হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বুধবার ওবামা ওয়াশিংটন ডিসির বাল্টিমোরে ‘মসজিদ আল রহমাহ’ পরিদর্শন করবেন।
জানা গেছে, ১৯৮০ সালে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর ‘মসজিদ আল রহমাহ’ প্রতিষ্ঠা করে।
আমেরিকার জন্য মুসলিম-আমেরিকানদের অবদান উদযাপন এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় স্বাধীনতার গুরুত্বের কথা জোর দিয়ে বলতে প্রেসিডেন্ট ওই মসজিদে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র কিথ মেলে বলেন, প্রেসিডেন্ট বিশ্বাস করেন বহুজাতিক বৈচিত্র্যই আমাদের জাতির সবচেয়ে বড় শক্তি।
তিনি সবসময়ই বলেন- মুসলিম আমেরিকানরা আমাদের বন্ধু, প্রতিবেশি, সহকর্মী; তারা আমাদের ক্রীড়াঙ্গনের তারকা। তাদের পুরুষ ও নারীরা ইউনিফর্ম পরে আমাদের মতই দেশ রক্ষায় কাজ করছে।
ওবামার এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ারের মুখপাত্র ইব্রাহিম।
তিনি বলেন, মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বেশ কয়েক বছর ধরেই ওবামাকে মসজিদে যাওয়ার আহ্বান জানানো হচ্ছিল।
তার (ওবামা) মসজিদে আগমনে ‘পারষ্পরিক শ্রদ্ধাবোধ’ প্রকাশের চিরাচরিত মার্কিন রীতির স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটবে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আগ্রহীদের কাছেও এটি একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।
গত মাসেই মুসলিম কংগ্রেসম্যান কেইথ এলিসন ওবামার মসজিদে ‘না যাওয়া’ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।
ক্যালিফোর্নিয়ায় গত মাসে মুসলিম এক দম্পতির নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন নিহতের পর ওবামা সন্ত্রাসবাদ নির্মূলের যুদ্ধে সমর্থন দিতে মুসলিম আমেরিকানদের প্রতি আহবান জানিয়েছিলেন।