রাশিয়ার যুদ্ধবিমান আবারো তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আঙ্কারা।
বারবার এ ঘটনার পুনরাবৃত্তি হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় পৌঁনে ১২টায় রাশিয়ার এসইউ-থার্টিফোর জেট বিমানটি সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। এর আগে বেশ কয়েকবার রুশ ও ইংরেজি ভাষায় ওই জেটের পাইলটকে সতর্ক করা হয়।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগকে 'ভিত্তিহীন অপপ্রচার' বলে মন্তব্য করেছে মস্কো।
এর আগে গত নভেম্বরে একই অভিযোগে রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে।