সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনায় অংশ নিতে দেশটির প্রধান বিরোধীগ্রুপ সুইজারল্যান্ডে পৌঁছেছে।
আগামীকাল সোমবার জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দ্যো মিস্তুরার সঙ্গে বৈঠক করবে বিরোধীদের প্রতিনিধিরা।
সৌদি সমর্থিত এ বিরোধী গ্রুপ এর আগে বলেছিল, সিরিয়ার সরকারি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ ও অবরোধ তুলে না নিলে আলোচনায় যোগ দেবে না তারা।
তবে তাদের একজন মুখপাত্র জানিয়েছে, তারা তাদের দাবিতে এখনো অটল রয়েছে।
দাবি পূরণ না হলে সিরিয়া সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না তারা।
এদিকে, সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়াতে অনাহারে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি মাসের শুরুতে জাতিসংঘের ত্রাণ অবরুদ্ধ শহরগুলোতে পাঠানোর পরও এ প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদআউট বর্ডার।
খাবারের অভাবে আরো ৩৩ জনের অবস্থা গুরুতর বলেও জানান সংস্থাটি।