উত্তর কোরিয়ার পারমাণু অস্ত্র পরীক্ষা ও রকেট উক্ষেপণের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে সর্বসম্মত সমর্থন দিয়েছে মার্কিন সিনেট।
পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি কিংবা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই সাহায্য করবে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
খসড়া এ বিলে, যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার প্রতি হুমকির কারণ হতে পারে এমন বিলাসবহুল পণ্য ও প্রযুক্তি উত্তর কোরিয়ার কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একই ধরনের একটি বিল পাস হয়। বিল দুটি এখন মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এরইমধ্যে গত বুধবার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত শিল্প পার্ক বন্ধের ঘোষণা দিয়েছে।
জাপানও কমিউনিস্ট দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে।