সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সম্মত হয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জার্মানির মিউনিখে দীর্ঘ বৈঠকের পর দেশগুলোর প্রতিনিধিরা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে সম্মত হয়। এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশা নেতাদের।
বৃহস্পতিবার মিউনিখে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, বিশ্বশক্তি এমন একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছে, যা সিরিয়ার জনগণের দৈনন্দিন জীবন বদলে দিতে পারে।
কেরি বলেন, মিউনিখে মানবিক উন্নয়ন ও বৈরিতার অবসান—উভয় দিকে আমরা অগ্রগতি অর্জন করেছি বলে বিশ্বাস করি। দেশজুড়ে (সিরিয়া) আমরা বৈরিতায় অবসানে সম্মত হয়েছি।
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হলে তা সত্যিকারের শান্তি আলোচনা ফের শুরুর ক্ষেত্রে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে প্রাণ হারিয়েছে প্রায় ৫ লাখ মানুষ। এই সংখ্যা জাতিসংঘ ঘোষিত সংখ্যার দ্বিগুণ। এর বাইরে বাস্তুচ্যুত হয়েছে ৪৫% সিরীয়। সিরিয়া যুদ্ধে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান ‘সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের (এসসিপিআর)’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।