দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭১ বছর পর যুদ্ধাপরাধের দায়ে পোল্যান্ডের আউশউইৎজ বন্দিশালার নাৎসি রক্ষী ৯৪ বছর বয়সী রাইনহোল্ড হানিং-এর বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার জার্মানির ডেটমোল্টে প্রাদেশিক আদালতে তার বিচারকাজ শুরু হয়। তার বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
আজ তাকে আবারো আদালতে হাজির করার কথা রয়েছে। আগামী ২০ মে পর্যন্ত হানিংয়ের যুদ্ধাপরাধের বিচারকাজ চলবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে নাৎসি হিটলার বাহিনীর বন্দিশালাগুলোর মধ্যে আউশউইৎজ ছিল সবচেয়ে কুখ্যাত। ওই বন্দিশালায় ১১ লাখের বেশি ইহুদিকে হত্যা করে নাৎসি বাহিনী। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে ৯৪ বছর বয়সী রাইনহোল্ড হানিংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার জার্মানির ডেটমোল্টে প্রাদেশিক আদালতে তার বিচারকাজ শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭১ বছর পর এই বিচার শুরু হলো। বিচার প্রক্রিয়ায় সহযোগী সাক্ষী হিসেবে ওই সময় আউশউইৎজ বন্দি শিবিরে আটককৃত কিছু সাবেক বন্দি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইসরায়েল থেকে আদালতে হাজির হয়েছেন।
জার্মান আইন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৪৩ থেকে ৪৪ সালে আউশউইৎজ বন্দি শিবিরে ব্যাপক হত্যাযজ্ঞে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে সাবেক এ নাৎসি রক্ষীর বিরুদ্ধে। তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন হানিং।
১৯৪২ সালে ২০ বছর বয়সে হানিং আউশউইৎজ বন্দি শিবিরে রক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন। এর দুই বছর আগে তিনি স্বেচ্ছায় নাৎসিদের এসএস বাহিনীতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে তিনি পূর্ব ইউরোপে লড়াইয়ে অংশ নেন।