আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।
রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে পরাজিত হয়েছেন দলের সঘোষিত সামাজিক সমাজতান্ত্রিক মনোনয়নপ্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডার্স।
সাউথ ক্যারোলাইনায় হিলারি যে জয়ী হবেন, তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। আগামী ১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইপর্বের ‘সুপার টুইসডে’।
ওইদিন ১১টি অঙ্গরাজ্যে একযোগে ভোট হবে— নির্বাচনী লড়াইয়ের ওই গুরুত্বপূর্ণ দিনটির আগে সাউথ ক্যারোলাইনায় জয় সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে আরও উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে সাউথ ক্যারোলাইনায় পরাজয় মেনে নিয়েছেন স্যান্ডার্স তবে তিনি বলেছেন, তার প্রচারাভিযান সবে শুরু।
বাছাইপর্বে এখন পর্যন্ত তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি। সাউথ ক্যারোলাইনার আগে তিনি আইওয়া ও নেভাদায় জয়ী হন।
এদিকে, স্যান্ডার্স জিতেছেন নিউ হ্যাম্পশায়ারে।
গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।