ইসলামিক স্টেট গোষ্ঠী-আইএসের প্রায় ২২ হাজার সদস্যের নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত বিস্তারিত বিবরণ সংবাদকর্মীদের হাতে তুলে দিয়েছে তাদের একজন সাবেক সদস্য।
আইএসের এ নথিগুলো পরীক্ষা করার পর তা আসল বলেই মনে করছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মাইজিয়ের। তিনি বলেন, প্রকৃত চরিত্র সম্পর্ক সঠিকভাবে জানতে এই নথিগুলো ব্যাপক ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে, ওই ব্যাক্তির মোহভঙ্গ হবার পর সংগঠনটির গোপন শত শত নথি জার্মানি, ব্রিটেন এবং সিরিয়ার বিরোধী সংবাদকর্মীদের হাতে তুলে দিয়েছে।
গোয়েন্দারা জানিয়েছেন, ফাঁস হওয়া দলিলপত্রের মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র। বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে সেই সব নথিতে।
গোয়েন্দারা আরো জানিয়েছেন, এসব দলিলপত্র থেকে আরো জানা যাচ্ছে যে, আইএস পৃথিবীর কমপক্ষে ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে।