ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১১ নেতার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দিল্লি প্রেস ক্লাবে নারদ নিউজ নামে একটি ওয়েব পোর্টালের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজে তাদের ঘুষ নিতে দেখা যায়।
ফুটেজে দেখা যায়, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা মুকুল রায়, সুব্রত মুখোপধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়, সুলতান আহমেদ, শুভেন্দু অধিকারীসহ একাধিক নেতাকে টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
ওই পোর্টালের প্রতিনিধিরা একটি নকল সংস্থার নাম করে ওই টাকা ঘুষ হিসেবে তুলে দেন তৃণমূলের নেতা-নেত্রীদের হাতে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ঘুষ হিসেবে ব্যবহার করা হয়েছে ৫ লক্ষ টাকা।
নারদ নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত এই স্টিং অপারেশনটি চালানো হয়। সারদা কাণ্ডের পরেই এ ব্যাপারে তারা উদ্যোগী হন। তাদের কাছে সব মিলিয়ে ৫২ ঘন্টার ফুটেজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল।