বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা অনুসন্ধানে ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি চলছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ শুনানি শুরু হয়।
শুনানিতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসির প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান ব্যাংকটির জুপিটার শাখার সংশ্লিষ্ট ৫টি অ্যাকাউন্টে অর্থ না দিতে নিউইয়র্কের ফেডারেল ব্যাংকের অনুরোধের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। সিনেটরের প্রশ্নের জবাব না দিয়ে তিনি নিশ্চুপ ছিলেন।
শুনানিতে রেমিট্যান্স কোম্পানি ফিরলেম সার্ভিস করপোরেশনের এক কর্মকর্তা জানান, শাখা ম্যানেজারের নির্দেশে তিনি নিজে চুরি যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এবং আরো ৬০ কোটি পেসো চীনের একটি জাংকেট অপারেটরকে হস্তান্তর করেছেন।
এছাড়া জুপিটার শাখার অ্যাকাউন্টধারী উইলিয়াম গো শুনানিতে বলেন, তিনি নিজে কোনো হিসাব খোলেননি কিংবা কাউকে তার নামে হিসাব খুলতে অনুমতি দেননি।
তিনি আরো বলেন, ‘অ্যাকাউন্ট খোলার সময় সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানা, আয়ের উৎস, বৈধ জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। ব্যাংকের গোপনীয়তার স্বার্থে অর্থপাচার সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানাতে পারছি না। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে।’