বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
সিএনএন থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রথমে বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন কমপক্ষে ১১ জন। এর কিছুক্ষণ পরই মেট্রো স্টেশনে আরো একটি বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ১৫ জন।
এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। এতে ২৬ জন নিহতের সংবাদ পাওয়া যায়।
প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালাম ব্রাসেলসে পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়ার ৪ দিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতার মাত্রা তিন থেকে সর্বোচ্চ চার পর্যায়ে উন্নীত করা হয়েছে। পুরো দেশের জন্য এই সতর্কতা প্রযোজ্য হবে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দর খালি করে দেয়া হচ্ছে। বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।