মিসরীয় বিমানটিকে সাইপ্রাসে নিয়ে যাওয়ার পর এর অধিকাংশ যাত্রীকেই মুক্তি দিয়েছেন ছিনতাইকারী। তিনি ‘ব্যক্তিগত সম্পর্কের হতাশা থেকে’ বিমানটি ছিনতাই করেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। সাইপ্রাসের ওই নাগরিক এরইমধ্যে লারনাকা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস বলেন, এটি সন্ত্রাসবাদ জাতীয় কোনো ঘটনা না।
৮১ আরোহী নিয়ে মঙ্গলবার আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্ট এয়ারের ফ্লাইটটি ছিনতাই হয়। পরে একে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়।
ইজিপ্টএয়ার জানায়, ওই ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে ক্রুদের বাধ্য করে বিমানটি সাইপ্রাসের দিকে নিয়ে যায়। পরে সেখানে অবতরণের এক পর্যায়ে সমঝোতার পরিপ্রেক্ষিতে একজন ক্রু ও ৪ জন বিদেশি যাত্রী ছাড়া সবাইকে মুক্তি দেয়া হয়।