পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগের পর আইসল্যান্ডের ক্ষমতাসীন কোয়ালিশন সিগুরদুর ইনগি ইয়োহানসনকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছে।
দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শরতে। ইয়োহানসন কৃষি ও মৎস্য মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রগ্রেসিভ পার্টির উপনেতা।
ফাঁস হওয়া পানামা পেপারসে নাম থাকায় গণবিক্ষোভের মুখে এর আগে পদত্যাগে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান শিগমনদুর গুন লাগসন।
এদিকে, ফাঁস হওয়া এসব নথিতে পরিবারের সদস্যদের নাম থাকায় তদন্তের জন্য উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ।
মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ গোপন নথি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সেখানে নেওয়াজের তিন সন্তানের অর্থ কেলেঙ্কারির বিষয়ে তথ্য রয়েছে।