বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সার্ভারে এমন এক ম্যালওয়্যার পাওয়া গেছে যা দিয়ে শুধু ফিলিপাইন আর শ্রীলঙ্কাই নয়, মিসরেও অর্থ সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল।
বৃহস্পতিবার এ ঘটনায় তদন্তকারী সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি ৭ ঘণ্টারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সময় একটি ই-মেইলের মাধ্যমে মিসরেও তথ্য পাঠানো হয়েছিল। ওই সময় ওই আইপি অ্যাড্রেস কে ব্যবহার করেছে তা খুঁজে বের করতে মিসরের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও এএফপিকে জানান শাহআলম।
তবে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে মিসরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ম্যালওয়্যার বসানো হয়েছিল কিনা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।