জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন সামাদকে হত্যার ঘটনাকে নৃশংস উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মার্ক সি টেনার এ নিন্দা জানান।
তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা বাংলাদেশে সংগঠিত অতীতের ঘটনাগুলোর দায় স্বীকার করেছে। তবে নাজিম হত্যার সঙ্গে কারা জড়িত সে তথ্য এখনো যুক্তরাষ্ট্রের কাছে নেই বলেও জানান তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও উগ্র চরমপন্থা প্রতিরোধে এবং যারা এসব ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান মার্ক টেনার।
এর আগে নাজিম হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।