পানামা পেপারসে কর ফাঁকির তথ্য ফাঁসের পর এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ চলছে।
এ নিয়ে বিতর্কের জেরে শনিবার নিজের আয়কর ও আর্থিক বিবরণী প্রকাশ করেছেন ক্যামেরন।
গত ২০১৪-১৫ সালে দুই লাখ পাউন্ডের বেশি আয়ের জন্য তিনি কর দিয়েছেন প্রায় ৭৬ হাজার পাউন্ড। নথিতে দেখা যায়, নটিংহিলের পারিবারিক বাড়ির ৫০ শতাংশ লভ্যাংশ থেকে ক্যামেরনের আয় হয়েছে ৪৬ হাজার ৮৯৯ পাউন্ড।
বিগত ২০১০ সালে বাল্টিমোর হোল্ডিংস বিক্রি থেকে তিনি ও তার স্ত্রী ১৯ হাজার পাউন্ড পান। বাবার মৃত্যুর পর আরো ৩ লাখ পাউন্ডের সম্পত্তি পান ক্যামেরন। পরে সম্পত্তি বন্টন করে ২০১১ সালের মে ও জুলাই মাসে মায়ের কাছ থেকে তিনি লাখ পাউন্ড করে অর্থ পান।
এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুরোপুরি স্বচ্ছতার স্বার্থেই নিজের আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করেছেন।
এছাড়া কর ফাঁকির অভিযোগের তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণাও দেন তিনি।