পানামা পেপারসের ফাঁস হওয়া নথিতে নিজের নাম থাকায় এবার পদত্যাগের ঘোষণা দিলেন স্পেনের শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া।
শুক্রবার বার্তা সংস্থার খবরে এ তথ্য জানানো হয়। স্পেনের দুটি সংবাদমাধ্যম খবর দেয় যে, শিল্পমন্ত্রী একটি অফশোর কোম্পানির মালিক। এরপরই স্পেনের সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে।
এর আগে একই অভিযোগে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন। পদত্যাগ করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সিল ইন্টারন্যাশনালের চিলি শাখার প্রধান।
এদিকে, কর ফাঁকির তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের ৫টি দেশ। সম্প্রতি মোসাক ফনসেকার এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে।
ধনী ও প্রভাবশালীরা কিভাবে এ আইনি প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে কর ফাঁকি দিয়ে নিজেদের বিপুল অর্থ কাগুজে অফশোর কোম্পানিগুলোতো বিনিয়োগ করে আসছেন সেসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এসব নথি থেকে।