বাংলাদেশে ২০১৯ সালের সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে কাজ করতে উৎসাহিত করছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এ কথা বলেছে ব্রিটিশ সরকার।
প্রতিবেদনে বলা হয়, কার্যকর বিচারব্যবস্থা, স্পন্দনশীল সুশীল সমাজ ও মুক্ত গণমাধ্যম, চ্যালেঞ্জ ও জবাবদিহিতা দিতে সক্ষম কর্তৃপক্ষ একটি সফল গণতন্ত্রের মৌলিক উপাদান। অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনও গুরুত্বপূর্ণ।
আর সেই লক্ষ্য অর্জনে ২০১৯ সালের নির্বাচনে সব রাজনৈতিক দলকে কাজ করতে উৎসাহিত করেছে যুক্তরাজ্য।
আরো বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সার্বিক মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বছরের প্রথম তিন মাস বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার, পরিবহন ধর্মঘট ও লাগাতার হরতালসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে ছিল আওয়ামী লীগ ও বিএনপি।
তবে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পৌর নির্বাচন হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির জন্য এটি ইতিবাচক অগ্রগতি।
প্রতিবেদনে বাংলাদেশের বর্ধিষ্ণু অর্থনীতির প্রশংসা করা হয়।