জুলহাজ মান্নানসহ সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড এবং তা নিয়ে ইসলামিক স্টেট (আইএস) ও তালেবানের দায় স্বীকারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতিকে বেশ জটিল মনে করছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির টেলিফোনের একদিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার এ কথা বলেন।
শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে টোনার বলেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে খুনিদের আইনের আওতায় আনতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস ও তালেবানের দায় স্বীকারের প্রেক্ষাপটে তিনি বলেন, বিশ্বাস কিংবা অবিশ্বাসের কারণ এখনো নেই।
তবে এটা স্পষ্ট যে বাংলাদেশে হুমকি রয়েছে আর যারা হুমকিতে রয়েছে তাদের নিরাপত্তা দ্বিগুণ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।