ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গতবারের মতো এবারও দুই শতাধিক আসন পেয়ে রাজ্যের ক্ষমতায় তারাই থেকে যাচ্ছেন। অন্যদিকে আসামে কংগ্রেসের চৌদ্দ বছরের শাসন হটিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।
তামিলনাড়ুতে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে জয়ললিতার নেতৃত্বাধীন- এআইডিএমকে। কেরালায় এগিয়ে রয়েছে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ।
সারদা আর্থিক কেলেংকারী, নারদা স্ট্রিং কান্ড আর উড়ালসেতু ভাঙার ঘটনা পশ্চিমবঙ্গ নির্বাচনে চরম প্রভাব পড়ার যে শংকা ভারতবাসীর মধ্যে ছিল, তা এবারের বিধানসভা নির্বাচনে উড়ে গেল। গতবার কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে দলের ঝুলিতে ঢুকেছিল ১৮৪ আসন।
এবার একক লড়াইতেই সেই সংখ্যাকে ছাপিয়ে গেল তৃণমূল। ২১৭ আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছেন মমতা।
এরইমধ্যে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ১৯৬৭ সালের পর এই প্রথম বাংলায় কোনও শাসক দল একাই লড়াই করলো। কংগ্রেস-তৃনমূল মিলে যত আসন ২০১১ সালে জিতেছিল, এবার তৃণমূল একাই সেই সংখ্যার কাছাকাছি।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২১৪টিতে জয় পেয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস জোট পেয়েছে ৭৫টি আসন।
এরইমধ্যে বামফ্রন্ট ৩১ ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে আর বিজেপি পেয়েছে ৬টি আসন।
এছাড়াও তামিলনাড়ু, আসাম ও কেরালাতেও ভোট হয়েছে। আসামে ১২৬টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮২টি আসন। কংগ্রেস ২৬টি।
তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে জয় ললিতার দল এডিএমকে পেয়েছে ১২৬টি আসন। ডিএমকে দল পেয়েছে ১০৪টি আসন।
আর কেরালায় এলডিএফ পেয়েছে ৯০টি আসন আর বিজেপি পেয়েছে ১টি।