বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার কম্পিউটার হ্যাক করে রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইন সিনেটের সপ্তম ও শেষ শুনানিতে তিনি এ কথা বলেন।
জন গোমেজ বলেন, হ্যাকারদের কেউই বাংলাদেশ কিংবা ফিলিপাইনের নয়— একইসঙ্গে এ ঘটনায় বাংলাদেশি কারো সরাসরি জড়িত থাকারও কোন প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, ফিলিপাইনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সিনেট শুনানিতে চুরির ওই অর্থ উদ্ধার করে তা বাংলাদেশে ফিরিয়ে দিতে ম্যানিলা কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন জন গোমেজ।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা অর্থ দ্রুত ফিরিয়ে না দিলে তা তার জন্য অত্যন্ত অপমানজনক হবে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
শুনানিতে ফিলিপাইনের সিনেটর ও তদন্ত কমিটির সদস্য সের্গেই ওসমেনা জানিয়েছেন, তদন্ত নিয়ে খসড়া রিপোর্ট প্রণয়নের জন্য সিনেট কমিটির কাছে পর্যাপ্ত তথ্য এসেছে। সূত্র: বিবিসি