ফ্রান্স ও জার্মানিতে গত কয়েক দিন ধরে অব্যাহত বন্যায় ১১ জন মারা গেছেন। গৃহহারা হয়েছেন হাজারো বাসিন্দা।
প্যারিসের পাশ দিয়ে বয়ে যাওয়া সিন নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৬ মিটার বাড়বে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
এরইমধ্যে বন্যার পানি বাড়তে থাকায় বিশ্বখ্যাত ল্যুভর ও ওরসে জাদুঘর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন প্যারসি ও মধ্য ফ্রান্সের প্রায় ২৫ হাজার বাসিন্দা।
আগামী কয়েক ঘণ্টায় বেশ কিছু এলাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলতি সপ্তাহে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বন্যার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
এদিকে, ভয়াবহ বন্যায় শুধুমাত্র জার্মানিতেই প্রাণহানি হয়েছে ৯ জনের। নিখোঁজ রয়েছেন অনেকেই। জার্মানির পাসাও শহরে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এছাড়া বন্যায় বিপর্যস্ত বেলজিয়াম এবং পোলান্ডও।