ভারতের বাবরি মসজিদ ভাঙা ও গোদরা দাঙ্গার ইস্যুতে প্রভাবিত হয়ে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখায় যোগ দিচ্ছে দেশটির মুসলিম যুবকেরা। রোববার আদালতে এমনই প্রতিবেদন দাখিল করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।
পুলিশ প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মসজিদে জিহাদি বক্তব্য দেয়ার সময় ভারতীয় মুসলিমদের ওপর নির্যাতের বিষয়গুলো তুলে ধরা হয়।
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পাশাপাশি ২০০২ সালে গোদরায় সাম্প্রদায়িক দাঙ্গার বিষয় বিশেষভাবে প্রাধান্য পায় তাদের আলোচনায়। এদেরই একজন জিহাদি মোহাম্মদ ওমর।
তিনি সাইয়েদ আনজার নামে আরেক জিহাদির সঙ্গে দেখা করে পাকিস্তান থেকে বিভিন্ন গোলাবারুদ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে, জিহাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তদের ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকী ১২ জন পাকিস্তানে পালিয়ে গেছে।