যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে সন্ত্রাসী হামলাকে প্রেসিডেন্ট বারাক ওবামা একে সন্ত্রাস ও বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত ও ৫৩ জন আহতের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি চালিয়েছে একজন আইএস যোদ্ধা। এছাড়া এফবিআইও জানিয়েছে হামলার সময় ওমর পুলিশকে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা জানিয়েছিল।
নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।
হামলাকারী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের বাবা এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
ক্লাবটিতে সেসময় একশোরও বেশি লোক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রায় ৪০-৫০বার গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।
এ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলছে পুলিশ। জানিয়েছে, হামলাকারীর নাম ওমর মতিন। আফগান বংশোদ্ভুত ২৯ বছর বয়সী ওমরের বাড়ি ফ্লোরিডায় পোর্ট সেন্ট লুইসে। হামলার এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে।
এফবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চরমপন্থী আদর্শে বিশ্বাসি ছিলেন ওমর। তবে তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর যোগসূত্র ছিল কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, এর আগে কোনো সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকাতেও তার নাম ছিল না।
এদিকে, ওমরের বাবা মীর সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, হামলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সমকামীতার প্রতি ঘৃণা থেকেই এ কাজ করেছে তার ছেলে।
এ ঘটনায় অরল্যান্ডো শহর জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।