বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে মনে করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে, লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উন্নয়ন চোখে পড়ার মতো। আলোচনার মাধ্যমেই সুরাহা হবে তিস্তা নদীর পানিবন্টন চুক্তি।
চার দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে, লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি।
বিকেলে ঘুরে দেখেন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তিনি। স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধে তার পরিবারের ভূমিকার কথা।
তৃতীয়বারের মতো গিয়ে এদেশের উন্নয়নে অভিভূত অভিজিৎ মুখার্জি। আলোচনার মাধ্যমেই তিস্তা চুক্তির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।
পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান অভিজিৎ মুখার্জি। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার সাক্ষী হয়ে থাকা কক্ষগুলো তিনি ঘুরে ঘুরে দেখেন।
পরে জাতির জনকের প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন অভিজিৎ মুখার্জি।