বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকার, তিন পক্ষের আলোচনার মধ্য দিয়ে অমীমাংসিত এ বিষয়টি সামনে এগিয়ে নিতে আগ্রহী কেন্দ্রীয় সরকার- জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এনিয়ে শিগগিরই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন। এতোদিন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মমতা বন্দোপাধ্যায় ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে না পারার কথা জানান সুষমা স্বরাজ।
নির্বাচনে জয়য় হয়ে মমতা আবারো মুখ্যমন্ত্রী হওয়ায় নির্বাচনপরবর্তী সময়কেই সংলাপ শুরুর মোক্ষম সুযোগ বলে মনে করছে কেন্দ্র সরকার।
বাংলাদেশ ও ভারত আগে বেশ কয়েকবার তিস্তা চুক্তি সই করতে গিয়েও মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে তা আর হয়ে ওঠেনি। তাই এবার সংলাপকে দ্বিপক্ষীয় না ভেবে ত্রিপক্ষীয় হিসেবে দেখা এবং পশ্চিমবঙ্গের মতামতকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ভারতের কেন্দ্রীয় সরকার।