যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্রিটিশ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন মাইকেল স্টিভেন স্যানফোর্ড (২০)। তার কাছে যুক্তরাজ্যের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। এর ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।
দ্য টেলিগ্রাফ জানায়, গতকাল সোমবার মাইকেলকে নেভাদা অঙ্গরাজ্যের একটি আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় সহিংসতামূলক কাজের অভিযোগ আনা হয়েছে। সংক্ষিপ্ত শুনানিতে তার জামিন নাকচ করেছে আদালত। আগামী ৫ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
আদালতের নথি থেকে জানা যায়, মাইকেল বলেন, তিনি ট্রাম্পকে গুলি করতে চেয়েছিলেন— প্রায় এক বছর ধরে এ পরিকল্পনা করছিলেন তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্প্রতি তার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নেয়।
জিজ্ঞাসাবাদে মাইকেল বলেন, তিনি প্রায় ১৮ মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। প্রথমে নিউজার্সি, পরে ক্যালিফোর্নিয়ায় বাস করেন। ট্রাম্পকে গুলি করার জন্য ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাসে আসেন তিনি। তার গুলি চালানোর অভিজ্ঞতা ছিল না। গুলি চালানো শিখতে গত শুক্রবার লাস ভেগাসের একটি শ্যুটিং রেঞ্জে যান তিনি।
আদালত নিযুক্ত আইনজীবীর দাবি, মাইকেল অটিজমে আক্রান্ত। অতীতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।