যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। সেইসঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অস্ত্র বিক্রি কঠোর করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সিনেট।
সম্প্রতি ফ্লোরিডায় অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলায় ৪৯ জনের মৃত্যুর পর অস্ত্র আইন আরো কঠোর করার ব্যাপারে সিনেটে চারটি প্রস্তাব আনা হয়। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা একে অন্যের আনা বিল আটকে দেয়।
আগামীতে এ ধরনের হামলা রোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে সে ব্যাপারে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন দুই দলের সিনেটররা।
রিপাবলিকান এবং দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে অস্ত্র বহন করার ক্ষেত্রে, দেশটিতে যে সাংবিধানিক অধিকার রয়েছে, ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব তা লঙ্ঘন করছে।
এদিকে, ডেমোক্র্যাটরা বলছে রিপালিকানদের আনা প্রস্তাব খুবই দুর্বল।