গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলো যুক্তরাজ্যের মানুষ। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫২% আর থাকার পক্ষে পড়েছে ৪৮%।
ভোট গণনার সর্বশেষ খবর অনুযায়ী, ছেড়ে যাওয়া পক্ষ ১১ লাখ ৯৭ হাজার ভোটে এগিয়ে আছে। আর ভোট পড়েছে ৭২%। এই ভোটে ইংল্যান্ড ও ওয়েলস ইইউ ছাড়ার পক্ষে এবং লন্ডন, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড থাকার পক্ষে রায় দেয়।
১৯৭৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় যুক্তরাজ্য। এরপর নির্বিঘ্নই ছিলো ইইউ-ব্রিটেন সম্পর্ক। কিন্তু স্বাধীনভাবে নিজেদের অর্থনীতি, অভিবাসন নীতি ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এক পর্যায়ে জোরালো হয়ে ওঠে ২৮ দেশের এই জোটে যুক্তরাজ্য থাকবে কি-না সে বিষয়টি। এ বিষয়ে দ্বিধান্বিত যুক্তরাজ্য আশ্রয় নেয় গণভোটের। প্রচারণায় প্রাধান্য পায় অভিবাসন ও অর্থনীতি ইস্যুগুলো।
গত চার মাস ধরে ইইউ'র পক্ষে-বিপক্ষের শিবিরের চলে তুমুল প্রচার-প্রচারণা। অবশেষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গণভোট। প্রায় ১৫ ঘন্টা ধরে চলা ভোটগ্রহণের পরপরই শুরু হয় গণনার কাজ যা চলে শুক্রবার সকাল পর্যন্ত।
এদিকে, গণভোটের ফলাফলের পরপরই তিন দশকের মধ্যে এই প্রথম ব্রিটিশ পাউন্ডের দর নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। এরই মধ্যে বিরূপ প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে।