যুক্তরাজ্যে ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় প্রকাশের পর এর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। এই রায়ে হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় নেতৃবৃন্দ।
রায়ের প্রতিক্রিয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া, এই ফলাফলের পরপরই তিন দশকের মধ্যে এই প্রথম ব্রিটিশ পাউন্ডের দর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ জুড়ে যে ঐক্য তৈরি হয়েছিল তা-ই যেন ভেঙ্গে গেল যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে। যুক্তরাজ্যের জনগণের দেয়া এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বনেতৃবৃন্দ।
এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোলান্ড টাস্ক বলেছেন ইইউ'এর বাকি ২৭ দেশের ঐক্য বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
রায় প্রকাশের পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ ব্যাপারে আলোচনার জন্য আগামী বুধবার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের আহবান জানিয়েছেন।
রাশিয়া, চীন এবং ভারত এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন এর মাধ্যমে যুক্তরাজ্যের জনগণ তাদের নিজ দেশ ফিরে পেয়েছে।
এদিকে, ফলাফর প্রকাশের পর ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দাম ১৯৮৫ সালের পর সবচেয়ে নিচে নেমে গেছে। ইউরোপের শেয়ারবাজারগুলোতে প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক। লন্ডনের মূল শেয়ার সূচক দিনের শুরুতেই সাত শতাংশ পড়ে গেছে। এশিয়াতে শেয়ারের দাম পড়েছে। টোকিওতে সূচক পড়েছে আট শতাংশ। অনেকেই বলছেন, ২০০৮ সালের আর্থিক সংকটের পর বাজারের এ ধরনের অস্থিতিশীলতা তারা আর লক্ষ্য করেননি।