রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজানে জিম্মি ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে—বাংলাদেশে আইএস জঙ্গিদের এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম।
সিএনএন, বিবিসি, আল জাজিরা, এনডিটিভি ঘটনাটি সরাসরি সম্প্রচার করছে গুরুত্বসহ কারে।
আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোও প্রতিমুহূর্তের আপডেট তথ্য প্রচার করছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশে আইএস জঙ্গিদের এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম। বলা হয়েছে বাংলাদেশে শিক্ষক, ধর্মীও সংখ্যালঘুদের হত্যার ঘটনা একের পর এক ঘটলেও বিদেশিদের জিম্মি করার ঘটনা এর আগে কখনো ঘটেনি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এতকিছুর পরও বাংলাদেশ সরকার দেশে আইএসের অস্তিত্ব বরাবরই অস্বীকার করে আসছে।
আল জাজিরার খবরে র্যা বকে উদ্বৃত করে বলা হয়েছে জিম্মিদের মধ্যে ইতালিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছেন।
বলা হয়েছে, আইএস এ ঘটনার দায় স্বীকার করে ২৪ জনকে হত্যার কথা জানিয়েছে।
তবে পুলিশ দুই জনের কথা নিশ্চিত করেছে, বাকিরা আহত হয়েছেন।
এদিকে, ঢাকায় স্প্যানিশ রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে জঙ্গি দমনে সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন তারা ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ঘটনাটি আসলেই আইএস ঘটিয়েছে কি-না সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয় বলে জানিয়েছেন কিরবি।
এদিকে, পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
শুক্রবার রাতে গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁয় জিম্মি ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা প্রকাশ করেছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা সম্পর্কে অবহিত করেছে হোয়াইট হাউস। হামলায় বাংলাদেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
কিরবি বলেন, এ হামলার জন্য আইএস যে দায় স্বীকার করেছে সেটা তারা খতিয়ে দেখছেন যদিও তার সত্যতা নিশ্চিত করা যায়নি।
এছাড়া, ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের সব কর্মীকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সরকারকে সহায়তায় অন্যসব দেশের সঙ্গে একযোগে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাপানি নাগরিকসহ জিম্মিদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
জিম্মি ঘটনার প্রেক্ষাপটে অ্যাবে তার আজকের নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন।
এছাড়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। ভারতীয় হাইকমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সূত্র বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি।