তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে সেনাসদস্যদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে—রোববার একজন ব্রিগেড কমান্ডারসহ ৫০জনের বেশি সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হলে গ্রিসে পালিয়ে যাওয়া আট সামরিক কর্মকর্তাকে ফেরত পাঠাতে এথেন্সকে অনুরোধ জানিয়েছে সরকার।
এদিকে, এ ঘটনার পিছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে দেশটির শ্রমমন্ত্রীর অভিযোগের পর তিক্ততার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে।
সেনা অভুত্থান ব্যর্থ হওয়ার পর আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় রাস্তায় এখনো চলছে প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থকদের বিজয় উৎসব।
প্রেসিডেন্টের অভিযোগ— এ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হাত রয়েছে। গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।
এর জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, এরদোয়ানের অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ চেয়েছেন।
তুরস্কে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট রেসেপ তাইয়ের এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে পুরো পরিস্থিতি যখন সম্পূর্ণ অনুকূলে ঠিক তখনই মোবাইল ফোনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের দেয়া ভাষণ পাল্টে দিল গোটা পরিস্থিতি। গণতন্ত্র রক্ষার্থে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট এর্রদোয়ান।
সেনাবাহিনীর একটি অংশের এ অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হলে শনিবার ইস্তাম্বুলে লাখো জনতার মাঝে আবারো ভাষণ দেন এর্রদোয়ান। এরপর পরই আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় শুরু হয় বিজয় উৎসব।
এসময় তিনি অভিযোগ করেন এ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হাত রয়েছে। গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, শনিবারের এ অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ তিন হাজারের বেশি সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ৫ জেনারেল ও ২৯ কর্নেলকে। চাকরিচ্যুত করা হয়েছে দুই হাজার ৭০০ বিচারককে। এ ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। নিহতদের মধ্যে ১৬১ জন পুলিশ এবং বেসামরকি লোক, বাকিরা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে, কেন এই অভ্যুত্থান? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জয়লাভ করলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, এবং সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে দেশটির এর্দোয়ান সরকারের নেয়া সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত তুর্কি জনগণ। একইসঙ্গে সিরিয়া ইস্যুতে সরকারের নেয়া সিদ্ধান্তও মেনে নিতে পারেননি অনেকে।