ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট- আইএস।
রয়টার্স জানিয়েছে, আইএসের সংবাদ সংস্থা আমাক এ তথ্য নিশ্চত করেছে।
ওই হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে শুক্রবার এবং শনিবার আরো চার জনকে গ্রেপ্তার করা হয়।
ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতে জাতীয় শোক পালন করছে ফ্রান্স।
ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে আসছেন শতশত মানুষ। বাস্তিল দিবসের ওই আতশবাজির উৎসবে প্রায় ত্রিশ হাজার মানুষের সমাগম ছিল।
নিহতদের মধ্যে ফরাসি ছাড়াও যুক্তরাষ্ট্র, আলজেরিয়া, জার্মানি, তিউনিসিয়া, সুইজারল্যান্ড, আর্মেনিয়া, ইউক্রেন ও রাশিয়ার নাগরিক রয়েছেন।
গত বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেয়ার ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। পুলিশ চালককে গুলি করে হত্যা করে ট্রাক থামিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, বাস্তিল দিবস উদযাপন করতে বহু লোক ওই সময় শহরের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে জড়ো হয়েছিলেন। আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পরপরই স্থানীয় সময় রাত ১১টার দিকে সেই ভিড়ের মধ্যে দিয়ে ২৫ টনি ওই ট্রাক প্রায় দুই কিলোমিটার রাস্তা এগিয়ে যায়।
স্থানীয় সরকারের প্রধান ক্রিস্তিয়ান এসত্রোসি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ গুলি চালানোর আগে ওই ট্রাকচালকই গুলি করে। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া গেছে।
প্যারিসে ইসলামী স্টেট জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার আট মাসের মাথায় ফ্রান্সজুড়ে জরুরি অবস্থার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ একে সন্ত্রাসী হামলা বলেছেন।